কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ
- প্রকাশের সময় ১১:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ বার দেখা হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসায় একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী পাঠদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার সভাপতি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার। তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের মূল্যায়ন, শিক্ষকদের প্রতি সম্মান ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষাই সফলতার চাবিকাঠি। ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠানের সুনাম ও পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে। উদ্বোধনী পাঠদান করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা প্রভাষক বুলবুল আহমদ। এ সময় দাতা সদস্য নজরুল ইসলাম, প্রভাষক কবিরুল ইসলাম, মাওলানা কামারুজ্জামান, মাওলানা আইয়ুব হোসেন, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, নুর আহমদ, মাওলানা রাসেল ইকবাল, সিনিয়র সহকারী শিক্ষক ইয়াসিন সিদ্দিকী, মাগফুরার রহমান, মাওলানা গোলাম মোস্তফাসহ শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব, শৃঙ্খলা, নৈতিকতা ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে মাওলানা গোলাম মোস্তফার পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার সব শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা শুরু হয়।


















