আবেদন গ্রহণ ও নিষ্পত্তির নির্দেশ ইসির
ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি
- প্রকাশের সময় ১০:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার দেখা হয়েছে
স্থানীয় সরকার নির্বাচন পেছানোর পর আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটারদের স্থানান্তরের আবেদন এখন থেকে আগের নিয়মেই গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। তবে স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যাওয়ায় ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালুর সিদ্ধান্ত নেয় কমিশন।
ইসির চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে আগের নিয়মে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তা ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।





















