শিরোনাম
শরতে শূন্যতার উপাখ্যান
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৮:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৪১ বার দেখা হয়েছে
রফিকুল ইসলাম
অনন্ত নীলের বুকে মেঘেরা চলে যায়
এক মায়াময় শূন্যতার টানে,
শ্বেত মেঘেদের যে মহানিষ্ক্রমণ,
সে তো নয় কোনো মহোৎসব —
সে এক মহাজাগতিক একাকীত্ব।
শিউলি ঝরার যে নিঃশব্দ পতন ঘটে,
তা আমারই বুকে জমে থাকা
এক প্রাচীন উপাখ্যান।
নদীর কূলে কাশফুলের এই ব্যাকুল দোলা
কোনো চপল নৃত্য নয়,
সে তো অলখ ছোঁয়ায় কেঁপে ওঠা তৃষ্ণা।
যে শরতের পূর্ণিমা আলোতেও—
নেমে আসে কাল্পনিক অমাবস্যার অন্ধকার।
দিগন্তরেখা যেখানে মরীচিকার মায়াজাল বোনে,
সেখানে আমার না-পাওয়ার হাহাকার
অমল ধবল হয়ে ফোটে।
হে শরৎ, তোমার এই স্নিগ্ধ রোদের তীব্র দহন—
বাইরে নয়, আমার অন্তহীন অন্তরালে।
শুভ্রতার এই আবরণে যে চিতার আগুন,
তাতে পুড়ে ছাই হয় প্রতিদিন
শান্ত নীল জলে এক একটা নীলপদ্ম।
সম্পর্কিত






















