উপজেলা পর্যায়ে ৪-৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন
নতুন স্বপ্ন নিয়ে ১৯০ শিক্ষকের যোগদান
- প্রকাশের সময় ১০:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৫৪ বার দেখা হয়েছে
হাতে নিয়োগপত্র, চোখে নতুন স্বপ্ন—শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় কর্মজীবন শুরু করলেন ১৯০ জন নবনিযুক্ত সহকারী শিক্ষক। বৃহস্পতিবার (১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তাঁরা। নতুন কর্মজীবনে প্রবেশের দিনটি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের। সাতক্ষীরা সদর উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক শারমিন সুলতানা বলেন, “সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে চাই।” আশাশুনি উপজেলায় নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। শিশুদের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে চাই।” যোগদান শেষে বিভিন্ন উপজেলার নবনিযুক্ত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত শিক্ষকদের উপজেলা পর্যায়ে ৪ থেকে ৮ অক্টোবর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর তাঁদের বিদ্যালয়ে পদায়নের আদেশ দেওয়া হবে। পরদিন ১২ অক্টোবর তাঁরা নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করবেন। নতুন শিক্ষকদের যোগদানের মধ্য দিয়ে জেলার প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো ১৯০ জন নতুন শিক্ষক। তাঁদের হাত ধরেই বিদ্যালয়গুলোতে শিশুদের পাঠদান ও ভবিষ্যৎ গড়ার নতুন অধ্যায় শুরু হবে। উল্লেখ্য, ১ অক্টোবর যোগদানকারী শিক্ষকগণের জন্য উপজেলা পর্যায়ে ৪-৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

















