আশাশুনিতে চোলাই মদসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রয়ারি) দুপুরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন এএসআই আরিফ, এএসআই ইব্রাহিম এবং এসআই ফয়সাল আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়া গ্রামের মৃত আইজ উদ্দিন খাঁর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৫৫) এবং তার ভাবি তৈয়েবুর খাঁর স্ত্রী মোসা. রিমা সুলতানা (২৪)-এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের রান্নাঘর থেকে ১০ লিটার চোলাই মদ, মদ তৈরিতে ব্যবহৃত প্রায় ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি, পাতিল ও ড্রামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়েবুর খাঁ (৩০) ও বিল্লাল হোসেন খাঁর স্ত্রী মোসা. তছিরন বেগম (৪৫) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।






















