বিশ্বের প্রযুক্তি মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক এআই সম্মেলনের আয়োজন করেছে ভারত। রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিচ্ছেন গুগল, মাইক্রোসফট ও ওপেনএআই-এর মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা।
সোমবার শুরু হওয়া এ সম্মেলনকে ভারতীয় কর্মকর্তারা এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন, যেখানে উন্নয়নশীল দেশগুলোর এআই নীতিনির্ধারণে মতামত আরও জোরালোভাবে তুলে ধরা যাবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, উন্নয়নশীল কোনো দেশে প্রথমবারের মতো এ ধরনের বড় বৈশ্বিক এআই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা এ সম্মেলনের প্রেক্ষাপটে ভারত ইতোমধ্যে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর অন্যতম কেন্দ্র হিসেবে উঠে এসেছে। ২০৩০ সালের মধ্যে ভারতে এআই ও ক্লাউড অবকাঠামো খাতে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল, মাইক্রোসফট ও অ্যামাজন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এ সম্মেলনের মূল লক্ষ্য সবার কল্যাণ ও সুখ নিশ্চিত করা। মানুষের প্রয়োজনে এআই ব্যবহার করে মানবকেন্দ্রিক উন্নয়নের পথে সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন এ আয়োজন।”
সম্মেলনের মূল বক্তাদের তালিকায় রয়েছেন সুন্দর পিচাই, স্যাম অল্টম্যান, দারিও আমোদেই এবং মুকেশ আম্বানি। এছাড়া ডেমিস হাসাবিস-ও সম্মেলনে বক্তব্য রাখবেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ-এর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি।
প্রায় ৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে প্রায় আড়াই লাখ দর্শনার্থীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রায় ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তিন শতাধিক প্রদর্শক তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরবেন।























