দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান ৫০ সদস্যের মন্ত্রিসভা, ৪০ জনই নতুন
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীসহ ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার যাত্রা শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভার ৪০ জনই প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, নবনির্বাচিত সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিদেশি কূটনীতিকসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর বিএনপির সংসদ সদস্যরা তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। পরে রাষ্ট্রপতি তাঁকে সরকার গঠনের আহ্বান জানান। শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ শেষে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।
নতুন মন্ত্রিসভায় বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদসহ অভিজ্ঞ নেতাদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখ স্থান পেয়েছেন। টেকনোক্র্যাট কোটায় ড. খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন মন্ত্রী এবং মো. আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় জোটের শরিক দলের কয়েকজন নেতাও স্থান পেয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দুপুর থেকেই সংসদ ভবন সংলগ্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। প্রজেক্টরের মাধ্যমে অনেকেই শপথ অনুষ্ঠান সরাসরি দেখেন।
নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও নবীন নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে। দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় ফিরে দলটি নতুন সরকার গঠনের মাধ্যমে প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনার প্রত্যাশা ব্যক্ত করেছে।