পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় গোবিন্দপুর ফোরকানিয়া মক্তবের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। “আহলান সাহলান মাহে রমজান”, “রমজানের পবিত্রতা বজায় রাখুন”, “আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো”—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোবিন্দপুর গ্রামের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা। মিছিলে মক্তবের শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
মক্তবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওস্তাদ মাওলানা আব্দুল করিম জানান, প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজানকে স্বাগত জানানো এবং রমজানের পবিত্রতা বজায় রাখতে মানুষকে সচেতন করার লক্ষ্যে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পবিত্র রমজান মাসে দিনের বেলা অপ্রয়োজনীয় আড্ডা, চায়ের দোকানে বসা ও ধূমপান থেকে বিরত থাকা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে। উল্লেখ্য, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা শুরু হবে।






















