জাতীয় স্মৃতিসৌধ-এর পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন।
স্বাক্ষরে তিনি বাংলায় ১৮-০২-২০২৬ তারিখ উল্লেখ করেন এবং পদবির স্থানে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।” মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, “ফ্যাসিবাদী শাসন ও শোষণের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।”
তিনি আরও লেখেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি নবগঠিত মন্ত্রিসভাসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শহীদদের আত্মত্যাগের ফলেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।
পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদের জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের মাগফিরাত কামনা করছি।”
এ সময় নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্মৃতিসৌধ পরিদর্শন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষরের এ কর্মসূচি নবগঠিত সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।




























