পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের সিদ্ধান্ত
ঢাকা: দেশের প্রাথমিক পর্যায়ে পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই বিশেষ সামাজিক সুরক্ষা কার্যক্রমের ঘোষণা আসে।
সভা শেষে তথ্যমন্ত্রী জমিরউদ্দীন স্বপন, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ সাংবাদিকদের বিস্তারিত সিদ্ধান্ত জানান।
তথ্যমন্ত্রী জানান, ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন হবে এবং প্রাথমিক পর্যায়ে পাঁচ কোটি পরিবারকে কার্ডের আওতায় আনা হবে। তিনি বেসরকারি খাতে অস্থিরতা ও অযৌক্তিক চাকরিচ্যুতির বিষয়ে সতর্ক বার্তা দেন। প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসরণ না করে কাউকে চাকরি থেকে সরানো সম্পূর্ণ বেআইনি এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শীঘ্রই একটি পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষণা করবে।
পরিবেশ মন্ত্রী জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। সরকারের পরিকল্পনায় সমাজের অতিদরিদ্র ও হতদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে।
কৃষিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডধারীদের সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। সহায়তা প্রদানের ক্ষেত্রে নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।




























