সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু, আসছে ‘ফ্যামিলি কার্ড’
সারা দেশে শিগগিরই খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় ১৮০ দিনের মধ্যে দেশের বেশির ভাগ খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান। পানিসম্পদমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচিকে এক সময় গণআন্দোলনে পরিণত করেছিলেন। প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে থেকে খাল পুনঃখননের ওপর গুরুত্ব দিয়ে আসছেন, যাতে জনগণ সরাসরি উপকৃত হয়। তিনি জানান, আন্তমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এ কর্মসূচি শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ খাল খনন সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে পরিবেশমন্ত্রী জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে এ কর্মসূচি শুরু হবে। চলতি বছরে লক্ষ্য পূরণ সম্ভব না হলেও পরবর্তী বছরে তা পূরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারের এসব উদ্যোগ দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




























