সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ পাড় (৩৮) নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ পাড় চোমরখালী গ্রামের লিয়াকাত আলী পাড়ের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশে নিজস্ব মৎস্য ঘেরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ করছিলেন আব্দুর রশিদ। পাম্পের সুইচ চালু করার সঙ্গে সঙ্গে আর্থিং তারের মাধ্যমে পুরো ঘের এলাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত পাটকেলঘাটার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৩টায় চোমরখালী ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






















