সাতক্ষীরার কলারোয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, “সুদ, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধিকে অতীত করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় কলারোয়াকে শান্তি-শৃঙ্খলার মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। অপরাধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, পুলিশের এএসপি মো. ইমরান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহিন, নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ দমন কার্যক্রম জোরদার, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।






















