ইফতারে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। স্বাদ বাড়াতে ইফতারের টেবিলে যোগ করতে পারেন সুস্বাদু ডিমের চপ। সহজে তৈরি করা যায় এবং ছোট-বড় সবাই এটি পছন্দ করে। ডিম ৪টি, বড় আলু ৩টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, বেসন ১০০ গ্রাম, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ, লবণ স্বাদমতো এবং ভাজার জন্য পরিমাণমতো তেল।
প্রস্তুত প্রণালি: প্রথমে ডিম ও আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। প্রতিটি ডিম অর্ধেক করে কেটে রাখুন। এরপর আলুগুলো ভালোভাবে চটকে মেখে নিন। অন্য একটি পাত্রে বেসন, কর্ন ফ্লাওয়ার, লবণ ও পানি দিয়ে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন।
একটি প্যানে তেল গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিন। এরপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা ও স্বাদমতো লবণ দিয়ে ৫–৬ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। তারপর চটকানো আলু দিয়ে মিশিয়ে নিন এবং চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন।
এরপর প্রয়োজনমতো আলুর মিশ্রণ হাতে নিয়ে মাঝখানে আধা ডিম রেখে চপের মতো আকার দিন। সবগুলো তৈরি হলে প্রতিটি চপ ব্যাটারে ডুবিয়ে গরম তেলে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।
গরম গরম ডিমের চপ ইফতারে পরিবেশন করুন। চাইলে টমেটো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।




























