মশাবাহিত রোগ প্রতিরোধে সাতক্ষীরায় মতবিনিময় সভা
ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং নাগরিকদের সচেতন করাই এসব রোগ প্রতিরোধের প্রধান উপায়। বক্তারা আরও বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় মশা নিধন কার্যক্রম জোরদার করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।






















