বাঘ বিধবাদের ভাতা দেওয়ার দাবি জানালেন গাজী নজরুল
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সুন্দরবন উপকূলীয় এলাকার বাঘ বিধবাদের ভাতা প্রদান ও তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ভালোমানের প্রতিষ্ঠান স্থাপনের দাবি উত্থাপন করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রোববার (১৫ মার্চ) সংসদের প্রশ্ন ও উত্তর পর্বে তিনি এই দাবি উত্থাপন করেন।
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, আমার এলাকা হলো সুন্দরবন উপকূলীয় । জঙ্গলে (সুন্দরবনে) ৩০ থেকে ৪০% লোক জীবিকা নির্বাহ করে। তারা যেমন উপকৃত হয় সরকারও অনেক ট্যাক্স পায়। এ জঙ্গলে যেসব পুরুষ বাঘের পেটে চলে যায় তাদের স্ত্রীদের বাঘ বিধবা বলে।
তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ঐ সকল পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। তার কাগজপত্র আমার কাছে আছে। সেখানে জমি অধিগ্রহণও করা হয়েছিল। সেখানে একটা ঘর তৈরি করে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা আর সামনে এগোয়নি। মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে আমার দাবি, বাঘ বিধবাদের জন্য আলাদা কোন ভাতার ব্যবস্থা করা হবে কি না? আর তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য যে প্রতিষ্ঠানটা করার কথা ছিল সেটা করবেন কি না?
সুন্দরবন উপকূলীয় এলাকার বাঘ বিধবাদের কথা জাতীয় সংসদে উত্থাপিত হওয়ার বিষয়ে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবন উপকূলের বাঘ বিধবারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। তারা সামাজিকভাবেও যেমন নিগৃহীত হয়, তেমনি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দাবিটি অত্যন্ত যৌক্তিক। এবং এটা উপকূলবাসীর প্রাণের দাবি।
সম্পর্কিত
গাজী নজরুল






















