মাছখোলায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা নতুন বাজার এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে স্থানীয় তরুণদের সংগঠন ‘যুব সমাজ কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কেউ যেন ঈদের দিনে বঞ্চিত না থাকে, সে বিষয়টি মাথায় রেখেই এ আয়োজন করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ভোজ্যতেলসহ ১১ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। স্থানীয় বাসিন্দাদের মতে, এসব উপহার ঈদ উপলক্ষে অসচ্ছল পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সমাজের সচ্ছল ব্যক্তিদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।





















