ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৮ রমজান সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা করা উচিত আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আমরা দুনিয়া থেকে কিছু পাওয়ার আশায় মানবিক কাজ করি না। তিনি আরও জানান, এদিন প্রায় ৫০০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেমাই, চিনি, লাচ্ছা, নুডলস ও ভোজ্যতেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আলমগীর, সুপার মো. আছগর আলী, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু সাঈদ, সেক্রেটারি মো. মাসউদ, সহ-সভাপতি হযরত আলী, সহ-সম্পাদক আরিফুল ইসলাম রোহিত, ইমাম হুসাইন রাজ, আতিক মুজাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।






















