দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সে হিসেবে আগেই ধারণা করা হচ্ছিল, বাংলাদেশে ঈদ শনিবার হতে পারে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা শুরু ও ঈদ উদযাপিত হয়।
তবে এবার ঈদ উদযাপন নিয়ে মুসলিম বিশ্বে ভিন্নতা স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তান, নাইজার ও মালিতে ঈদুল ফিতর পালিত হচ্ছে। তাদের সঙ্গে মিল রেখে চাঁদপুরের একটি গ্রামেও আগাম ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। তবে সেখানে ঈদের জামাতে অংশ নেন মাত্র সাতজন মুসল্লি।
চাঁদ দেখা নিয়ে ভৌগোলিক অবস্থান ও পর্যবেক্ষণ পদ্ধতির ভিন্নতার কারণে প্রতিবছরই কিছু দেশে ঈদের তারিখে পার্থক্য দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।