সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
আব্দুর রহমান
নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা। এসব আয়োজনে অংশ নিয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল উৎসবমুখর। শিক্ষকদের তত্ত্বাবধানে শিশুদের কাছে তুলে ধরা হয় মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা, জাতীয় পতাকার মর্যাদা ও জাতীয় সংগীতের তাৎপর্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিশুদের সামনে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং বীর শহীদদের আত্মত্যাগের গল্প তুলে ধরলে তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করায় জেলার সকল শিক্ষককে তিনি ধন্যবাদ জানান।