সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সকাল ৭টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
এ সময় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে পুলিশ, আনসার, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দৃষ্টিনন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও মাজার জিয়ারত, রক্তদান কর্মসূচি, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।






















