সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল- মাদক ছেড়ে মাঠে চল” প্রতিপাদ্যে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্থানীয় চিকিৎসকদের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডক্টরস প্রিমিয়ার লিগ আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের মধ্যে নতুন এক মাত্রা যুক্ত হয়েছে। সেবার পাশাপাশি বিনোদন ও সুস্থ জীবনধারার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। চিকিৎসকরা মানুষের সেবায় নিয়োজিত থাকলেও এর মধ্যেই খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের চর্চা একটি ইতিবাচক উদ্যোগ। তিনি সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের ঐতিহ্যের কথা উল্লেখ করে সকল খেলোয়াড়কে উৎসাহিত করেন এবং খেলায় জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ডা. রাজিব কওছার, মুখ্য সংগঠক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সুমন কুমার দাস, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আরএসএম হাসানুল হক এবং বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ, ডা. মনিরুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. সাকিব, ডা. মেহেরুপসহ সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক ও সহকারী চিকিৎসকরা। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ ও একতা হাসপাতাল একাদশ। টসে জিতে ফারজানা ক্লিনিক একাদশ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং একতা হাসপাতালকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবি কোর্সপ্রাপ্ত ফজলুর রহমান ও লিটু। এ সময় মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।

























