তালা উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তা ১৫ দিনেই ক্ষতিগ্রস্ত
স্টাফ রিপোর্টার
Oplus_131072
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে ইউএনও বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত নির্মিত ১০০ মিটার টাইলস রাস্তা ১৫ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে।এডিপি প্রণোদিত প্রকল্পে প্রায় ১০ লাখ টাকার ব্যয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে রাস্তা ঢালাই ও টাইলস বসানোর কাজ করা হয়। ঠিকাদার এমডি আশরাফ আলী কার্যাদেশ পেলে কাজ পরিচালনা করছেন জাহাঙ্গীর হোসেন। উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল প্রকল্প তদারকি করছেন।
রবিবার (২৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, ১৫ মার্চ কাজ শেষ হওয়ার পর টাইলস সহজেই হাত দিয়েই উঠিয়ে ফেলা যাচ্ছে। মিস্ত্রি শাহিন গাজি সংস্কারের কাজ শুরু করেছেন। তিনি জানান, ঢালাইয়ের সময় বালুর সঙ্গে পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না হওয়ায় টাইলস ঠিকমতো বসেনি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঢালাই ও টাইলস বসানোর সময় সিমেন্ট কম ব্যবহার করা হয়েছে, ফলে পা দিয়ে চাপ দিলেই টাইলস উঠে যাচ্ছে।
ঠিকাদার এমডি আশরাফ আলী বলেন, তিনি কাজের বাস্তবায়ন দেখেননি, অনিয়মের তথ্য তার জানা নেই। উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল দাবি করেছেন, পানি সঠিকভাবে না দেওয়ায় টাইলস শক্ত হয়নি, তবে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বর্তমানে বাইরে রয়েছেন। নতুন ইউএনও হোসনেয়ারা বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।