বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামের এক ঘের মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গণপতি বিল এলাকায় নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে তিনি ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এ সময় মোটরের একটি খোলা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, পরে ঘেরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখে বিষয়টি পরিবারকে জানানো হয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















