গরমে অতিষ্ঠ জনজীবন
- প্রকাশের সময় ০৫:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৪১ বার দেখা হয়েছে
ঢাকা: কয়েক দিন ধরে রাজধানী ঢাকা-তে বৃষ্টির দেখা নেই, উল্টো বেড়েই চলেছে তাপমাত্রা। গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা বাস্তবায়িত হয়নি। আজও আবহাওয়া প্রায় একই রকম থাকার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগ ও ঢাকার দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্কই থাকতে পারে। প্রচণ্ড গরম ও তীব্র রোদে জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও বাড়ছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এ গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। জীবিকার তাগিদে তাদের বাইরে বের হতে হলেও অনেকেই কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী-তে, যা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

























