ডিসি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে গেল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরা সদর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হলেও জেলা প্রশাসক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। হাসপাতাল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা পানি ও অপরিষ্কার ড্রেনকে ঘিরে মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক তৈরি হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে অভিযান উদ্বোধন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সদর হাসপাতালের দিকে যায়। পরে সকাল ১০টা ১৫ মিনিটে হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম শুরু হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরিকল্পনা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। এছাড়া শহরজুড়ে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ও অতিথিরা হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করার পর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, অভিযানে অংশ নেওয়া অনেকেই শুধু ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। হাসপাতালের বিভিন্ন ড্রেনে জমে থাকা ময়লা পানি পরিষ্কার করার কার্যকর উদ্যোগও চোখে পড়েনি।
হাসপাতালে ভর্তি রোগীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ড্রেন ও আশপাশে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার হচ্ছে। তারা বলছেন, সাময়িক কর্মসূচির বদলে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান জরুরি।
জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এবং এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।”






















