প্রকাশের সময়
০৯:৩৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
/
৯৯
বার দেখা হয়েছে
দেশের সব গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। বর্তমানে সারাদেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে এখনো বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়নি। বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি বিদ্যালয়বিহীন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে—৮১৮টি। এর পরেই রয়েছে ঢাকা বিভাগে ৭১৭টি গ্রাম। এ ছাড়া রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি, সিলেট বিভাগে ২৬০টি, বরিশাল বিভাগে ৪৫টি এবং রংপুর বিভাগে ৩৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। শিক্ষামন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এসব গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব এলে প্রয়োজনীয়তা ও শর্ত বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হলেও বিদ্যালয়বিহীন এসব গ্রামে শিশুদের শিক্ষা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশের গ্রামে গিয়ে পড়াশোনা করতে হয়, যা ঝরে পড়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।