ইসলামের অবিস্মরণীয় বিজয়: হুদায়বিয়ার সন্ধি
- প্রকাশের সময় ০১:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৩৩ বার দেখা হয়েছে
ইসলামের সুদীর্ঘ ইতিহাসে ষষ্ঠ হিজরিতে সংঘটিত হুদায়বিয়ার সন্ধি এক অবিস্মরণীয় ও সুদূরপ্রসারী ঘটনা। বাহ্যিকভাবে এই সন্ধি মুসলমানদের জন্য কিছুটা প্রতিকূল মনে হলেও মহান আল্লাহ তাআলা একে ‘ফাতহুম মুবিন’- অর্থাৎ সুস্পষ্ট বিজয় হিসেবে ঘোষণা করেছেন। নবী করিম (সা.)-এর দূরদর্শিতা, ধৈর্য ও কৌশলগত প্রজ্ঞার এক অনন্য দৃষ্টান্ত এই চুক্তি, যা ইসলামের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করে। মদিনায় হিজরতের ছয় বছর পর রাসূলুল্লাহ (সা.) স্বপ্নে দেখেন, তিনি সাহাবিদের নিয়ে কাবা শরিফ তাওয়াফ করছেন। এই স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হিসেবে গ্রহণ করে তিনি প্রায় ১৪০০ সাহাবিকে সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশে রওনা হন। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওমরাহ পালন; যুদ্ধের কোনো ইচ্ছা ছিল না। কিন্তু কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশে বাধা দেয়। সংঘাত এড়াতে রাসূল (সা.) হুদায়বিয়া নামক স্থানে অবস্থান নেন এবং শান্তির বার্তা নিয়ে হজরত উসমান (রা.)-কে মক্কায় পাঠান। তাঁর ফিরে আসতে দেরি হওয়ায় এবং শহীদ হওয়ার গুজব ছড়িয়ে পড়লে রাসূলুল্লাহ (সা.) সাহাবিদের কাছ থেকে মরণপণ শপথ গ্রহণ করেন- যা ইতিহাসে ‘বায়আতুর রিদওয়ান’ নামে পরিচিত। দীর্ঘ আলোচনা শেষে মুসলমান ও কুরাইশদের মধ্যে একটি সন্ধি সম্পাদিত হয়। এর উল্লেখযোগ্য শর্তগুলো ছিল- মুসলমানরা ওই বছর ওমরাহ না করে ফিরে যাবে। পরবর্তী বছর মাত্র তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করতে পারবে। উভয় পক্ষের মধ্যে ১০ বছর যুদ্ধবিরতি থাকবে। মক্কা থেকে কেউ মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। এই শর্তগুলো আপাতদৃষ্টিতে মুসলমানদের জন্য অসম ও কঠিন মনে হয়েছিল। অনেক সাহাবি এতে কষ্ট পেয়েছিলেন। তবে রাসূলুল্লাহ (সা.) এর অন্তরালে লুকিয়ে থাকা মহাবিজয় উপলব্ধি করেছিলেন।
১. শান্তির সুফল: যুদ্ধবিরতির ফলে মুসলমান ও মুশরিকদের মধ্যে মেলামেশার সুযোগ সৃষ্টি হয়। ইসলামের সৌন্দর্য, ন্যায়বিচার ও উত্তম চরিত্র দেখে বহু মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়।
২. ইসলামের দ্রুত বিস্তার: প্রখ্যাত তাবেঈ ইমাম জুহরি (রহ.) বলেন, হুদায়বিয়ার পরবর্তী দুই বছরে যত মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তা আগের সময়ের তুলনায় অনেক বেশি ছিল।
৩. শক্তি সংহতকরণ: মুসলমানরা এই সময় নিজেদের শক্তি সংগঠিত করতে সক্ষম হয় এবং কৌশলগতভাবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে।
৪. মক্কা বিজয়ের পথ প্রশস্ত: এই সন্ধিই মূলত মক্কা বিজয়ের ভিত্তি তৈরি করে। মাত্র দুই বছরের মধ্যেই মুসলমানরা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করে। হুদায়বিয়ার সন্ধি আমাদের শিক্ষা দেয়- ধৈর্য, কৌশল এবং সময়োপযোগী সিদ্ধান্ত অনেক সময় সরাসরি সংঘাতের চেয়েও বেশি কার্যকর। সাময়িক আপস কখনো কখনো বৃহত্তর বিজয়ের পথ তৈরি করে। সত্যের পথে অবিচল থাকলে চূড়ান্ত সাফল্য অবশ্যম্ভাবী- হুদায়বিয়া তার উজ্জ্বল প্রমাণ।




























