মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
- প্রকাশের সময় ১০:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ২০ বার দেখা হয়েছে
পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে কোনো পুলিশ সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইজিপি তার বক্তব্যে পুলিশের ইতিহাস ও অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পুলিশের ভূমিকা স্মরণ করে বলেন, দেশপ্রেমিক পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পাশাপাশি দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্যদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
আইজিপি বলেন, পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাহিনীর ঐতিহ্য আরও সমৃদ্ধ করেছেন। এই অর্জন তাদের আরও দায়িত্বশীল করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি সব পুরস্কারপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানান এবং দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।




























