প্রকাশের সময়
০৬:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
/
১২
বার দেখা হয়েছে
ঢাকা: মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণে দেশের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ মে) ভোর ৬টায় রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং সাধারণ ক্রেতাদের ভোগান্তি ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।” তিনি আরও জানান, জনগণের স্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় রাখতে সংসদে এবং সংসদের বাইরেও বিরোধীদলীয় অবস্থান থেকে তারা সোচ্চার থাকবে।
বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মাহফুজুর রহমানসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। পরিদর্শন শেষে নেতারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।