হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, উদ্বেগ বাড়ছে
- প্রকাশের সময় ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ৩৩ বার দেখা হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম (Measles) এবং এর উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হাম রোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যুর কারণ হিসেবে হামের উপসর্গ উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৬৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ২৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। তাদের মধ্যে ৩২ হাজার ৮৭৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

















