সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
- প্রকাশের সময় ০৯:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ২১ বার দেখা হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে শাহীন (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান মহিউদ্দিন ও শাহীন। পরে তাঁরা ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
বুধবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে বসন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন তাঁরা। সূত্রগুলো জানায়, সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আহত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। একইভাবে দেশে ফেরার সময় বিএসএফের গুলিতে তাঁরা আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।













