ভাঙার ৭ বছরেও শুরু হয়নি সাতক্ষীরা নিউ মার্কেটের নির্মাণ কাজ
- প্রকাশের সময় ০৪:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ৪৬ বার দেখা হয়েছে
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাতক্ষীরা নিউ মার্কেট। ২০১৭-১৮ অর্থবছরে বহুতল নতুন ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাসে পৌর কর্তৃপক্ষ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত নিউ মার্কেটটি ভেঙে ফেলে। সে সময় ব্যবসায়ীদের বলা হয় ব্যবহারের অনুপযোগি নিউ মার্কেট ভবনটি ভেঙে ১২ তলা নতুন নিউ মার্কেট ভবন নির্মান করা হবে। সেমসয় ব্যবসায়ীদের বলা হয় যারা এখানে ব্যবসা করছেন তাদেরকে নতুন ভবনে দোকান ঘরের জন্য অগ্রাধিকার দেয়া হবে। কিন্তু সেই আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠান থেকে বের করে দিয়ে মুহূর্তের মধ্যে বুলডোজার দিয়ে নিউ মার্কেটটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এরপর প্রায় ৭ বছর পার হতে চললেও নতুন নিউ এখনও কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ী আব্দুল হালিম জানান, একসময় যেখানে ছিল ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য, সেখানে এখন শুধুই ধুলা, শূন্যতা আর হতাশার দীর্ঘশ্বাস। আধুনিক বহুতল ভবনের স্বপ্ন দেখিয়ে পুরোনো মার্কেটটি ভেঙে ফেলা হয়েছিল প্রায় সাত বছর আগে। কিন্তু সেই স্বপ্ন আজও বাস্তব হয়নি। এই দীর্ঘ সময়ের মধ্যে অর্ধশতাধিক ব্যবসায়ী হারিয়েছেন তাদের স্থায়ী কর্মস্থল। কেউ অস্থায়ীভাবে ছোট দোকানে, কেউবা পেশা পরিবর্তন করে টিকে আছেন। অনেকেই এখনো আশায় আছেন- কবে শুরু হবে সেই প্রতিশ্রুত নিউ মার্কেটের নির্মাণ কাজ। ব্যবসায়ীদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি নেই। ফলে তাদের পুঁজি, সময় ও ভবিষ্যৎ সবই অনিশ্চয়তায় পড়েছে। তারা বলছেন, এটি শুধু একটি মার্কেটের গল্প নয়, এটি হারিয়ে যাওয়া জীবিকার গল্প। এ বিষয়ে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল।
























