ত্যাগের মহিমায় সাতক্ষীরাজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
সাহিত্যপাতা
প্রকাশের সময়
০৩:৩৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
/
২৯
বার দেখা হয়েছে
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরাজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার সকাল ৭টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার অন্যতম প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি অংশ নেন। একই সঙ্গে জেলার সাতটি উপজেলার গ্রাম, মহল্লা, ঈদগাহ ময়দান ও মসজিদগুলোতে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহের জামায়াতে ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসেন আজাদী। জামাতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষক, যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহসুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
নামাজ শেষে খুতবায় ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা তুলে ধরা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ঈদের নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের স্মরণে মুসলিম বিশ্বে কোরবানির প্রচলন হয়েছে। কোরবানির মাধ্যমে মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও কুপ্রবৃত্তিকে পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা লাভ করে। ধনী-গরিব নির্বিশেষে সবার অংশগ্রহণে সাতক্ষীরাজুড়ে ঈদের আনন্দ ও ভ্রাতৃত্ববোধের মিলনমেলা তৈরি হয়েছে।