উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলাতে শুরু করেছে সেবার মান
- প্রকাশের সময় ১১:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১ বার দেখা হয়েছে
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলাতে শুরু করেছে চিকিৎসাসেবার চিত্র। হাসপাতালে এখন কাঙ্ক্ষিত কিছু ওষুধ পাওয়া যাচ্ছে, বেড়েছে পরিচ্ছন্নতা ও সেবার মান। ভর্তি রোগীদের সংখ্যাও বেড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালটির কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। তালা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত ছিল। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকির অভাবে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা যেত না। ফলে চিকিৎসা নিতে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক রোগী গ্রাম্য চিকিৎসক কিংবা সাতক্ষীরা জেলা সদরে চলে যেতেন। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম অনেকটা ভেঙে পড়েছিল। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের উদাসীনতার কারণে কোনো চিকিৎসকও দীর্ঘদিন তালায় স্থায়ীভাবে থাকতে পারতেন না বলে স্থানীয়দের অভিযোগ। এ পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন এবং হাসপাতালের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন। রোগীদের হয়রানি ও দুর্ভোগ কমানো এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ২০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়। হাসপাতালের দুরবস্থা থেকে উত্তরণের বিষয়ে সংসদ সদস্য সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এরই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই রোববার সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। হাসপাতালের বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। সম্প্রতি সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগীদের উপস্থিতি রয়েছে। রোগীরা তুলনামূলক পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিচ্ছেন। বেডসহ ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা গেছে। রোগীদের দেওয়া খাবারের মানও আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন কয়েকজন রোগী। পুরুষ ওয়ার্ডে ভর্তি সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের রমজান আলী শেখ বলেন, ‘বর্তমানে এখানে সুন্দর পরিবেশে চিকিৎসাসেবা পাচ্ছি। খাবারের মানও ভালো।’ আটারই গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি বেড বেশ পরিষ্কার। আগের মতো অপরিষ্কার নেই। সব মিলিয়ে আগের অবস্থার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে।’ নারী ওয়ার্ডের ১ নং বেডে ভর্তি ফিরোজা বেগম বলেন, ‘এখন ভালো চিকিৎসাসেবা পাচ্ছি।’ উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান (রেন্টু) বলেন, ‘আমরা সব সময় ভালো কাজের সঙ্গে আছি। হাসপাতালের অবস্থা আগের তুলনায় এখন অনেক ভালো।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর হাসপাতালের কার্যক্রমে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে চায়।’ জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মাহমুদুল হক বলেন, ‘তালার মানুষ ভালো স্বাস্থ্যসেবা পাক, এটা আমরা সবাই চাই। আমি সব সময় হাসপাতালের খোঁজখবর রাখি। সরেজমিনে গিয়ে দেখেছি, স্বাস্থ্যসেবার মানে অনেকটা পরিবর্তন এসেছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিবর্তন আনার জন্য চেষ্টা করছি। হাসপাতালটি ৫০ শয্যার হলেও বর্তমানে ৮৯ জন রোগী ভর্তি আছেন। ফ্লোরে থাকা রোগীদের জন্য দ্রুত বেড কেনার ব্যবস্থা করা হচ্ছে। এলাকাবাসী যাতে ভালো স্বাস্থ্যসেবা পান, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ স্থানীয়দের প্রত্যাশা, চলমান পরিবর্তন ধরে রেখে চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আরও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।















