সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক নয়
মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জেলা প্রশাসন। ঘোষণা জারির পর জনমনে সমালোচনা দেখা দিলে দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের জন্য জেলা প্রশাসকের সিল-স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। নির্ধারিত সময় ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তেল নেওয়ার নির্দেশনা ছিল।
তবে ঘোষণার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, জেলা প্রশাসক সংশ্লিষ্ট নির্দেশনা বাতিল করেছেন। ফলে মোটরসাইকেলে তেল নিতে আর ফুয়েল কার্ডের প্রয়োজন হবে না; বৈধ কাগজপত্র থাকলেই জ্বালানি নেওয়া যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু জনমনে প্রতিক্রিয়া হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।
তবে অন্যান্য নির্দেশনা বহাল রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে হবে। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক।
এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে জ্বালানি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে।