পিটিআই সাতক্ষীরায় দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল
- প্রকাশের সময় ০৭:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১২৪ বার দেখা হয়েছে
সাতক্ষীরার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কোর্সের দুই প্রশিক্ষণার্থীর নিবন্ধন বাতিল করা হয়েছে। পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবর শিক্ষাবর্ষের পরিমার্জিত ডিপিএড কোর্সে অংশ নেওয়া দুই শিক্ষক রুমা রায় (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৬২২, রোল: ৫০) ও দীপা বিশ্বাস (রেজিস্ট্রেশন নম্বর: ২০২৬৪৬০০৭২২, রোল: ৫৭) গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট কর্মদিবস প্রশিক্ষণের সব কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। রুমা রায় আশাশুনি উপজেলার ১২৭ নম্বর পূর্ব কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং দীপা বিশ্বাস তালা উপজেলার সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান/ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। পিটিআই সাতক্ষীরার সুপারিনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত ৫ এপ্রিল ২০২৬ তারিখের পৃথক অফিস আদেশে জানানো হয়, পরিমার্জিত ডিপিএড বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২৩-এর ১৮.১ উপধারা অনুযায়ী তাদের এই অনুপস্থিতি অননুমোদিত হওয়ায় কোর্স থেকে নিবন্ধন বাতিল করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রশিক্ষণের জন্য উভয় শিক্ষক কোনো ধরনের প্রশিক্ষণ ভাতা গ্রহণ করেননি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
























