সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন থানা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সোমবার (০৪ মে, ২০২৬) সাতক্ষীরা সদরস্থ লেক ভিউতে অনুষ্ঠিত কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ছড়াকার নাজমুল হাসান এবং গীতা পাঠ করেন কৃষ্ণ নন্দ মুখার্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের বিভাগীয় কার্যালয়, খুলনার পরিচালক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী (সজেকা, খুলনা), উপপরিচালক খান আতিকুর রহমান (জেকা, বাগেরহাট), জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম, উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী ও মোঃ রুবেল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে আইনি কাঠামো, সামাজিক উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার বিভিন্ন দিক তুলে ধরেন। পরিচালক মোঃ ফজলুল হক তাঁর বক্তব্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, আইনি ভিত্তি, গঠন কাঠামো, কার্যপরিধি, মেয়াদ এবং সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে সক্রিয় ও দায়িত্বশীল কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি নাগরিকের মধ্যে সততা ও দায়িত্ববোধ জাগ্রত না হলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
উপপরিচালক খান আতিকুর রহমান মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার, তদারকি বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিয়মিত সভা, প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও গতিশীল করতে হবে। জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম বলেন, তথ্যের সঠিক প্রচার ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী বলেন, নৈতিকতা, সততা ও মূল্যবোধের চর্চা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে নৈতিক শিক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেন। অপরদিকে উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন বলেন, কার্যকর সমন্বয়, সঠিক পরিকল্পনা এবং নিয়মিত মনিটরিং দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে ডা. আবুল কালাম বাবলা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। আলোচনায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে সম্পৃক্তকরণ এবং সামাজিক আন্দোলন জোরদারের বিষয় গুরুত্ব পায়।
অনুষ্ঠানে জেলার প্রতিটি থানা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও বেগবান হবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।