সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। রোববার (১ নভেম্বর) সকালে গোদাঘাটা বারাকাতীয়া দাখিল মাদ্রাসায় আমেনা জাহাবখস্ ফাউন্ডেশন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ বিশেষ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজনের (আইওএল) ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগী পরীক্ষা ও ভর্তির কার্যক্রম চলে। অনুষ্ঠানে খুলনা পাবলিক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হুসাইন ও ৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ। সাইটসেভার্স (Sightsavers), অর্বিস ইন্টারন্যাশনাল (ORBIS International) এবং আমেনা জাহাবখস্ ফাউন্ডেশনের সহযোগিতায় সাধারণ ও দুস্থ মানুষের চক্ষুসেবা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং প্রয়োজনীয় অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে।
আপনার পছন্দের ইবুক নিন ফ্রি
সাংবাদিকতায় এআই ব্যবহার
বিশেষ প্রতিনিধি 


























