ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরার সাত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। শিক্ষার্থী, কাবদল ও অন্যান্য সংগঠনকে সম্পৃক্ত করে পরিচালিত এ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, জেলা প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়গুলোতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সদর উপজেলার দক্ষিণ কাটিয়া, বাটকেখালী ও ফিংড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখা গেছে। বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, কাবদলসহ অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের ছবি ইমেইলের মাধ্যমে জেলা প্রশাসকের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ২১ সেপ্টেম্বর এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এর আওতায় সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা ও শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক, সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদেরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এ মশা বংশবিস্তার করতে পারে। তাই বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
Reporter Name 








































