‘দম’ সিনেমার পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। নির্মাতা ভিকি জাহেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খলনায়ক’-এ কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। সিনেমাটির প্রধান নারী চরিত্রে রয়েছেন তমা মির্জা। মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী সিনেমাটির শুটিং বাংলাদেশ ও ভারতে সম্পন্ন হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রথমবার যৌথভাবে কাজ করছে হইচই স্টুডিওজ।
ছোট পর্দা ও ওটিটিতে ভিন্নধর্মী গল্প নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া ভিকি জাহেদ এবার বড় পর্দায় মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তা তুলে ধরতে চান। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। ভিকি জাহেদ বলেন, ‘মানব চরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ খলনায়ক। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন।’ আফরান নিশোর কাছে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য আলাদা মনে হয়েছে। তাঁর ভাষায়, ভিকি জাহেদের গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। চিত্রনাট্য শোনার পরই তাঁর মনে হয়েছে, এটি একটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস।
চঞ্চল চৌধুরী জানিয়েছেন, সিনেমায় তাঁর চরিত্রটি জটিল ও মনস্তাত্ত্বিক। একজন অভিনেতা হিসেবে এমন চরিত্র তাঁকে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে আবারও কাজ করার অভিজ্ঞতাও উপভোগ করেছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার ও তুষার খান। বিশেষ একটি চরিত্রে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন শুভঙ্কর ভট। প্রডাকশন ডিজাইন ও শিল্প নির্দেশনায় কাজ করেছেন ভারতের শিবাজী পাল। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বাংলা ভাষার দর্শকদের জন্য বিশ্বমানের মনস্তাত্ত্বিক থ্রিলারের অভিজ্ঞতা তুলে ধরাই তাদের লক্ষ্য। এর আগে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’ সিনেমার সঙ্গে যুক্ত ছিল এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। তবে ‘খলনায়ক’-এর মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বিশেষ প্রতিনিধি 













































