উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ
- প্রকাশের সময় ০১:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৩২ বার দেখা হয়েছে
ঢাকা: দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মীর শাহে আলম। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শে ইতোমধ্যে এ বিষয়ে সরকারি আদেশ (জিও) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
তিনি জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে বিদ্যমান অবস্থার ভিত্তিতে সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করা হবে। এতে এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকবে। বিধিমালা অনুযায়ী এমপিদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এর নাম দেওয়া হবে ‘পরিদর্শন কক্ষ’। এই কক্ষে বসেই এমপিরা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করতে পারবেন। প্রতিমন্ত্রী আরও জানান, কোনো সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য এমন কক্ষের ব্যবস্থা করা হবে।























