পরিকল্পনা কমিটির নতুন সভাপতি জহির উদ্দিন স্বপন
সংসদীয় কমিটিতে বড় রদবদল, কয়েকটি কমিটির সভাপতি পরিবর্তন
- প্রকাশের সময় ০৩:৩২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ২ বার দেখা হয়েছে
পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন করে এ কমিটির সভাপতি করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে বাদ পড়া জহির উদ্দিন স্বপনকে। এর আগে কমিটির সভাপতি ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সভাপতির পদটি শূন্য হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন করেন সংসদ সদস্যরা। অন্যদিকে, আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। কমিটির সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁর জায়গায় বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে নতুন সভাপতি করা হয়েছে।
গাজী নজরুলের জায়গায় নতুন সদস্য
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির অনুরোধের পর তাঁকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আবদুল ওয়ারেছ। আর বিশেষ কমিটিতে তাঁর জায়গায় নেওয়া হয়েছে নাজিবুর রহমানকে।
এ ছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের সংসদ সদস্য রায়হান সিরাজীকে সদস্য করা হয়েছে।
আরও যেসব কমিটিতে পরিবর্তন
কার্যউপদেষ্টা কমিটিতেও সদস্য পরিবর্তন করা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে এ কমিটির সদস্য করা হয়েছে। অন্যদিকে, সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি পুনর্গঠনের এসব প্রস্তাব বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুমোদন পায়।




























