শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মো. নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আব্দুর রহমান, সংগঠনের সহসভাপতি আ.ম. আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম ও ডা. তনয় কৃষ্ণ পালসহ অন্যরা।
বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। তাঁরা দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মর্যাদা রক্ষা এবং নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শরীয়তপুরের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তাঁরা। এ সময় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাহিত্যপাতা 


























