নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া চারটার দিকে জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি বলে জানান তিনি। দুর্ঘটনার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সাহিত্যপাতা 


























