স্টাফ রিপোর্টার: ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা ও আলোকসজ্জায় বৈচিত্র্য নিয়ে সাতক্ষীরায় শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। কোথাও দেশলাই কাঠি ও রেশমি সুতা, কোথাও মুগ ডাল, মুক্তা ও সাদা তিল দিয়ে সাজানো হচ্ছে প্রতিমা। আবার কোথাও পৌরাণিক কাহিনির দৃশ্যায়ন, ঝরনার পানিতে অক্ষত থাকা ফাইবারের প্রতিমা এবং কর্ণফুলী টানেলের আদলে তৈরি পথ থাকছে দর্শনার্থীদের আকর্ষণ হিসেবে। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সাতক্ষীরার সাতটি উপজেলায় ৬১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে শেষ হবে। ১০ অক্টোবর পালিত হয়েছে মহালয়া। জেলার বিভিন্ন মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাশিল্পী ও আয়োজকেরা ব্যস্ত সময় পার করছেন। উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, সাতক্ষীরা সদরে ১১১টি, তালায় ২০২টি, কলারোয়ায় ৪৬টি, দেবহাটায় ২১টি, আশাশুনিতে ১০৬টি, কালীগঞ্জে ৫৫টি এবং শ্যামনগরে ৭১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, জেলা পুলিশের কাছে প্রাথমিকভাবে ৬০৯টি মণ্ডপের তথ্য রয়েছে। যাচাই-বাছাই শেষে এ সংখ্যা বাড়তে পারে। পূজা নির্বিঘ্ন করতে পুলিশের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, মণ্ডপগুলোতে টহল, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা পুলিশের উপস্থিতি এবং যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। উৎসব শান্তিপূর্ণ রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শিরোনাম
সাতক্ষীরায় ৬১২ মণ্ডপে প্রতিমা ও সাজসজ্জায় নানা চমক
-
সাহিত্যপাতা - প্রকাশের সময় ০৪:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- ৩০ বার দেখা হয়েছে
সম্পর্কিত
জনপ্রিয়



























