সাতক্ষীরার কামালনগর গোরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক শেখ আব্দুল আলীম
- প্রকাশের সময় ০৪:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১ বার দেখা হয়েছে
সাতক্ষীরার সাংবাদিক শেখ আব্দুল আলীম আর নেই। শুক্রবার মাগরিবের নামাজের পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ছিলেন। শনিবার দুপুর দুইটায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে শহরের কামালনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত স্মরণসভায় তাঁর কর্মময় জীবন নিয়ে কথা বলেন আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শফিউল ইসলাম খান, সাংবাদিক আব্দুল বারি, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক মো. সাখাওয়াতউল্যাহ, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, মোহাম্মদ জিল্লুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আলতাফ হোসেন বাবু, মেহেদী হাসান শিমুল, এম ইদ্রিস আলী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন-এর সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিদার রহমান, সাবেক কাউন্সিলর শফিক-উদ-দৌলা সাগর, সাংবাদিক সিরাজুল ইসলাম ও আতিয়ার রহমানসহ অনেকে বক্তব্য দেন।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে ফুসফুসে জটিল সমস্যায় ভুগছিলেন শেখ আব্দুল আলীম। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের ভাষ্য, শুক্রবার সকাল ১০টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যার দিকে তাঁর খিঁচুনি শুরু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ আব্দুল আলীম দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক পত্রদূতের পাশাপাশি তিনি দৈনিক সদ্যখবর, দৈনিক কাফেলা ও দৈনিক সাতক্ষীরা চিত্রে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বেও ছিলেন।
সহকর্মীদের ভাষ্য, পেশাগত জীবনে শেখ আব্দুল আলীম সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। সাধারণ ও দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করতেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার ইলেকট্রনিক পণ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতি।


























