বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। ঘটনার রাতে তুরাগ নদীর পাড়ে ধাওয়া খেয়ে তাহসিফের নদীতে ঝাঁপ দেওয়ার দাবি করেছেন তার বন্ধু শাহরিয়ার রেজা দীপ। তবে দীপের বক্তব্যে এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অন্যদিকে, ছেলের ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দেওয়ার দাবি সরাসরি নাকচ করেছেন তাহসিফের বাবা।
শুক্রবার (৩০ অক্টোবর) দীপকে নিয়ে তুরাগ নদসংলগ্ন ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। এ সময় তিনি ঘটনার রাতের বর্ণনা দেন। তবে তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিমের দাবি, তার ছেলে সাঁতার জানতেন এবং সাঁতারে প্রশিক্ষণ ও সনদও ছিল।
এদিকে, মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। এটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।
পিবিআই জানিয়েছে, তাহসিফকে হত্যা করা হয়েছে, নাকি এটি দুর্ঘটনা কিংবা আত্মহত্যা—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশেষ প্রতিনিধি 










































