আজ থেকে প্রায়ই দশক তিনেক পরে
এক নিস্তব্ধ বিকেলে এক বৃদ্ধা নারীর বেশে,
খুঁজবো হয়তো অনেক হিসেব জীবনের খাতা থেকে
মিলেছে কি তা এতগুলো দিনরাত্রি ফেলে এসে?
মিললে সেদিন হিসেব যত, আসবে যাবে কিবা?
জীবন বোঝাই তখন আমার, বয়ে চলাই সবচেয়ে বড় যে বোঝা।
লাল শাড়ির সে আক্ষেপ তখন,
সমাজ বলবে আদিখ্যেতা
যৌবনে যারা বলেছিল আমায় ধৈর্য ধরার কথা।
সাগরের ডাক শুনতে চাইলে বলবে সমাজে হেসে
বৃদ্ধ বয়সে এখন তোমার হাড় নড়বড় করে।
অবাক চোখে চাইব হয়তো তাদের পানে
সময় আসুক বলে যারা সময় নিয়েছিল কেড়ে।
সময় তো নেই জন্ম থেকেই, সময় আসলো কবে?
ধৈর্য নামক ফাঁদে আমার সময় দিয়েছি বেচে।
সাহিত্যপাতা 






















