মৃতপ্রায় আবহাওয়া অফিসে মাদকসেবীদের আড্ডাখানা
- প্রকাশের সময় ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ২৪ বার দেখা হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর একটি গুরুত্বপূর্ণ কার্যালয় এখন কার্যত অবহেলা ও অরক্ষিত অবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জরাজীর্ণ ভবন, ভাঙাচোরা সীমানাপ্রাচীর এবং অভ্যন্তরে মাদকসেবীদের অবাধ যাতায়াতে এটি যেন পরিত্যক্ত স্থাপনার রূপ নিয়েছে।
ঈশ্বরদী বিমানবন্দর এলাকার ভেতরে ১৯৬৫ সালে প্রায় ৫ একর জমির ওপর সরকারি উদ্যোগে এই পাইলট বেলুন পর্যবেক্ষণাগার প্রতিষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ স্থাপনাটিতে একসময় কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক আবাসিক ভবন ও একটি পর্যবেক্ষণাগার নির্মাণ করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পুরো এলাকাজুড়ে এখন ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
তদারকির অভাবে ভবনগুলোর দরজা-জানালা, এমনকি জানালার গ্রিল পর্যন্ত চুরি হয়ে গেছে। আবহাওয়া পরিমাপের জন্য ব্যবহৃত দুটি যন্ত্রের মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল থাকায় একটি যন্ত্র দিয়েই কোনোমতে কার্যক্রম চালাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত আবাসিক ভবনগুলো এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দিন-রাত সেখানে স্থানীয় ও বহিরাগতদের আনাগোনা এবং নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে থাকে।
অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ভারত থেকে আনা অটোমেটিক ওয়েদার স্টেশন (AWAS) স্থাপন করা হলেও সেটি একদিনের জন্যও চালু করা সম্ভব হয়নি। নির্জন এলাকা ও নিরাপত্তাকর্মী না থাকায় রাতের দায়িত্ব পালনে ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি জনবল সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও বাড়তি কোনো আর্থিক সুবিধা নেই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ১৪ জনের জনবল কাঠামোর বিপরীতে বর্তমানে মাত্র ৬ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস পরিচালনা করতে হচ্ছে। এতে কর্মীদের ওপর বাড়তি চাপ পড়ছে। আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে, যা পুরো এলাকাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।


























